দেশে উৎপাদিত সুতা ও কাপড় দিয়ে উন্নত মানের শার্ট, জিন্স ও জ্যাকেট পোশাক তৈরির কারখানা স্থাপন করবে চীনের হংকংভিত্তিক প্রতিষ্ঠান তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইল কোম্পানি লিমিটেড। নীলফামারীর উত্তরা ইপিজেডে কারখানাটি স্থাপনে প্রতিষ্ঠানটি প্রায় ২ কোটি মার্কিন ডলার বা প্রায় ২৪০ কোটি টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে) বিনিয়োগ করবে। আর এখানে কর্মসংস্থান হবে প্রায় ৩ হাজার ২৫৪ বাংলাদেশি নাগরিকের। গত ২২ ফেব্রুয়ারি রাজধানীতে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি করেছে কোম্পানিটি। এর ফলে উত্তরা ইপিজেডে চীনের নতুন কোম্পানি স্থাপনের খবরে এ অঞ্চলের শত শত বেকার মানুষ কর্মসংস্থানের আশা দেখছেন।
বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন ও তিয়ানফোর্ড বাংলাদেশ টেক্সটাইলের মনোনীত পরিচালক জি ঝেনিউ চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।
বেপজার সূত্রে জানা যায়, চুক্তি অনুযায়ী কোম্পানিটি ১৯ দশমিক ৫৯ মিলিয়ন ডলার ব্যয়ে নীলফামারীর উত্তরা ইপিজেডে ২৪ হাজার বর্গমিটার জায়গার ওপর একটি আধুনিক তৈরি পোশাক কারখানা স্থাপন করবে। চলতি বছরের এপ্রিল থেকে কারখানার নির্মাণকাজ শুরু হবে। আর আগামী বছর থেকে পণ্য রপ্তানির কার্যক্রম শুরু করা হবে। এ প্রকল্পের মাধ্যমে ৩ হাজার ২৫৪ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সূত্রমতে, ওভেন ও নিট গার্মেন্টস ফেব্রিক তৈরির পদ্ধতির মাধ্যমে এ কারখানায় প্রতিষ্ঠানটি বছরে ৭০ লাখ বিভিন্ন ধরনের পোশাক পণ্য উৎপাদন হবে। এর মধ্যে রয়েছে বটম, টপ, শার্ট, জিন্স, জ্যাকেট, টি-শার্ট, পোলো শার্ট, স্পোর্টসওয়্যার, সোয়েটার, হুডিসহ সব ধরনের জার্সি। উৎপাদিত এসব পণ্য যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে রপ্তানি করা হবে।
পাশাপাশি স্থানীয় শিল্পকে শক্তিশালী করতে প্রতিষ্ঠানটিকে সম্ভাব্য ক্ষেত্রে মানসম্মত কাঁচামাল দেশীয় উৎস থেকে সংগ্রহের আহ্বান জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। বিনিয়োগকারীকে স্বাগত জানিয়ে তিনি বলেন, নতুন সরকার বিনিয়োগ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের গুরুত্ব দিতে বিশেষভাবে অঙ্গীকারবদ্ধ।