বন্ধ শিল্প ও সেবা খাতে ঋণের সুদ ৭%

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ এএম

বন্ধ শিল্প ও সেবা খাত ফের চালু করতে গঠিত ২০ হাজার কোটি টাকার প্রাক-অর্থায়ন স্কিমে গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে ঋণ বিতরণের পর ছয় মাস গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে। এ সময় সুদ আদায় করা হবে না। ছয় মাস পর থেকে প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদসহ সুদ আদায় শুরু করতে হবে।

গতকাল বৃহস্পতিবার এক সার্কুলারে এসব নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ৪ জুন ও ৭ জুলাই জারি করা দুটি সার্কুলারে ‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’ গঠন এবং এর নীতিমালা দেওয়া হয়েছিল।

এ ছাড়া স্কিমের আওতায় অর্থায়ন নিতে হলে ‘বৃহৎ শিল্প’ নয়, সব ধরনের ‘শিল্প’ প্রতিষ্ঠানকে বিবেচনায় নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তহবিলের প্রাপ্যতা থাকা সাপেক্ষে স্কিমের ৩ বছরের মেয়াদের যেকোনো সময় ঋণ নেওয়ার জন্য আবেদন করা যাবে। নতুন নির্দেশনায় বলা হয়েছেÑ আগের সার্কুলার ও সার্কুলার লেটারের বিভিন্ন স্থানে ব্যবহৃত ‘বৃহৎ শিল্প’ শব্দদ্বয়ের পরিবর্তে এখন থেকে ‘শিল্প’ শব্দটি ব্যবহার করতে হবে।

স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া প্রাক-অর্থায়নের বিপরীতে ব্যাংকগুলোকে ৪ শতাংশ সুদ দিতে হবে। তবে প্রাক-অর্থায়ন নেওয়ার পর প্রথম ছয় মাস কোনো সুদ পরিশোধ করতে হবে না। ছয় মাস পর থেকে প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদসহ বাংলাদেশ ব্যাংককে সুদ পরিশোধ শুরু করতে হবে। গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ঋণ বিতরণের পর ছয় মাসের গ্রেস পিরিয়ড শেষে সুদ আদায় শুরু হবে। এ ক্ষেত্রে প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও আদায় করতে হবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত