রাশিয়ায় টেলিগ্রাম এ্যাপ প্রতিষ্ঠাতার বিরুদ্ধে সন্ত্রাস মামলা

রাশিয়ায় সন্ত্রাসী কার্যক্রমে সহায়তার অভিযোগে টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। রাষ্ট্রায়ত্ত দৈনিক রসিস্কায়া গাজেটা এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিসের সংগৃহীত (এফএসবি) তথ্যের ভিত্তিতে এ তদন্ত চলছে।
 
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার দণ্ডবিধির ২০৫.১ ধারার ১.১ উপধারায় (সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা) সম্ভাব্য অপরাধের অভিযোগে দুরভের কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে দুরভের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে টেলিগ্রাম রাশিয়ার একাধিক অভিযোগ অস্বীকার করে বলেছে, প্ল্যাটফর্মটি অপরাধ কর্মকাণ্ডের আশ্রয়স্থল নয় এবং এটি পশ্চিমা বা ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার দ্বারা প্রভাবিত নয়। বর্তমানে এক বিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছে এই মেসেজিং এ্যাপের। 

রাশিয়ার রাষ্ট্রীয় যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা চরমপন্থী কনটেন্ট অপসারণে ব্যর্থতার অভিযোগে টেলিগ্রামের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। একই সঙ্গে মস্কো সরকার সমর্থিত অ্যাপ ‘ম্যাক্স’ ব্যবহারে নাগরিকদের উৎসাহ দিচ্ছে, যা প্রায় এক বছর আগে চালু হয়।