বিএনপি নেতাদের বিরুদ্ধে যুবশক্তি নেতার দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় যুব শক্তির এক নেতার দুইটি দোকানঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। আগুনে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের 'মানিক মার্কেটে' এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুড়ে যাওয়া দোকানঘর দুইটির মালিক মোছলেহ উদ্দিন মিলাদ বলেন, তিনি হাতিয়া উপজেলা যুবশক্তির (এনসিপির অঙ্গ সংগঠন) যুগ্ম আহ্বায়ক। তিনি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির প্রার্থীর পক্ষে কাজ করায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভাড়াটিয়া দোকানির সঙ্গে চা পান করে উপজেলা সদর ওছখালী যাওয়ার পথে বিএনপির কয়েকজন নেতা তার ওপর হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাকে মোটর সাইকেল থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে। তিনি দৌড়ে আত্মরক্ষা করলেও হামলাকারীরা তার মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। পরে তিনি পুলিশের সঙ্গে তার দোকানের সামনে গেলে হামলাকারীরা পুলিশের উপস্থিতিতেই আবারও মারমুখী আচরণ করে তাকে আঘাত করে। এ সময় পুলিশ অভিযুক্ত বিএনপি নেতা নুরুল ইসলাম হকসাবকে আটক করলেও পরে তাকে ছেড়ে দেয় বলে অভিযোগ করেন তিনি।

ক্ষতিগ্রস্থ মিলাদ আরও জানান, তিনি আহত অবস্থায় সোমবার সন্ধ্যায় হাতিয়া প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। ঐদিন রাত তিনটায় তিনি খবর পান, তার দোকানঘরগুলোতে আগুন জ্বলছে।

উপজেলা যুবশক্তি নেতা মিলাদের পিতা মোয়াজ্জেম হোসেন বেচু বলেন, বিএনপি নেতা হক সাব ও তার কয়জন সঙ্গী তার ছেলেকে একাধিকবার মারধর করে এবং মিলাদের মোটর সাইকেলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। তারা রাতে তার দোকানঘরে আগুন দেয়। আগুন লাগার খবর পেয়ে ঘর (বসত ঘর) থেকে বাইরে বের হতে গেলে দেখেন ঘরের দরজা বাইরে থেকে আটকানো। দরজা ভেঙে বের হয়ে এসে দেখেন দোকানঘরগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত দোকানি ও উপজেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুর রহিম বলেন, রমজান উপলক্ষে বিভিন্নজনের কাছ থেকে আমানত নিয়ে প্রায় ১০ লাখ টাকার মালামাল দোকানে তুলেছিলেন। রাজনৈতিক কারণে তার দোকানঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি এবং ঘর গুলোর মালিক উভয়েই প্রশাসনের কাছে ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

যুবশক্তি ও এনসিপি নেতাদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব নুরুল ইসলাম বলেন, এ জাতীয়  হামলার  কোনও  ঘটনাই ঘটেনি, তারা নিজেদের  দোকানে  নিজেরা আগুন লাগিয়ে  বিএনপির বিরুদ্ধে  মিথ্যাচার করছে। 

এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আনিছুর রহমান বলেন, মারামারির ঘটনায় পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে। রাতে অগ্নিকাণ্ডের ঘটনাও জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।