ইতালি পাঠানোর কথা বলে ৫০ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম

১১জন ব্যক্তিকে ইতালিতে পাঠানোর কথা বলে ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), চট্টগ্রাম মেট্রো। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকার কদমতলী থানাধীন শনির আখড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জের দুলাল দেওয়ান (৫৫) ও মাদারীপুর সদর উপজেলার মো. জামাল (৫০)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিবিআই চট্টগ্রাম মেট্রো জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে ঢাকা মাতুয়াইলের বাসিন্দা মো. সাগরসহ ১১ জন ইতালি যাওয়ার জন্য বিভিন্ন আসামির সঙ্গে ১৮ থেকে ২০ লাখ টাকা করে চুক্তি করেন। চুক্তি অনুযায়ী কয়েকজন ভুক্তভোগীকে অগ্রিম টাকা দেন। অন্যদের কাছ থেকেও পৃথকভাবে প্রায় ২৮ লাখ টাকা নেওয়া হয়।

পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিট প্রধান পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন বলেন, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রের সদস্য। তারা ইতালি ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বিপুল টাকা হাতিয়ে নেয়। পরে ভুক্তভোগীদের অবৈধভাবে সাগরপথে বিভিন্ন দেশে পাঠিয়ে সেখান থেকে লিবিয়াসহ বিভিন্ন স্থানে নিয়ে আটকে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করা হয়।

পিবিআই জানায়, গত ৪ এপ্রিল ইতালিতে পাঠানোর কথা বলে ১১ ভুক্তভোগীকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন একে খান এলাকার হোটেল মেরিন ও হোটেল রোজ ভিউতে রাখা হয়। দুই দিন পর বিকেল সাড়ে ৪টার দিকে তাদের মাইক্রোবাসে করে চট্টগ্রাম বন্দরের ৪ নম্বর ঘাটে নেওয়ার সময় হালিশহর থানার ওয়াপদা মোড় এলাকায় টহল পুলিশ গাড়িটি থামায়।

এ সময় আসামিরা ভুক্তভোগীদের কক্সবাজার বেড়াতে নেওয়া হচ্ছে বলে জানালেও জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা মানবপাচারের বিষয়টি পুলিশকে জানান। পরে আবদুর রহমান নামে একজনকে নয়টি পাসপোর্টসহ গ্রেপ্তার করা হয়। তবে তানজিম হোসেন সাগর পালিয়ে যায়। এ ঘটনায় সাগরের লিখিত এজাহারে হালিশহর থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশে মামলা করা হয়। গত মে মাসে মামলাটির তদন্তভার পিবিআই চট্টগ্রাম মেট্রো গ্রহণ করে। 


    

সর্বশেষ সর্বাধিক পঠিত