নকলায় জমি সংক্রান্ত বিরোধ, নিহত ১

শেরপুরের নকলায় জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজারের সাথেই মৃত মোহাম্মদ আলীর এর পুত্র খোরশেদ আলী (৫২)কে গলা টিপে হত্যা করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। 

স্থানীদের মতে, নিহত খোরশেদের বাড়ির রাস্তা বন্ধ করে জুলহাস পরিবারের ৭/৮ জন মিলে বহুতল ভবন নির্মাণ করছে। খোরশেদ বিষয়টি নিয়ে জুলহাসদের সাথে রাস্তার বিষয়ে অবগত করতে গেলে খোরশেদের সাথে বাকবিতন্ডায় জড়ায় জুলহাস গংরা। চিৎকারের আওয়াজ শুনে প্রতিবেশী মনিজা বেগম (৪০) পাশের ঘর থেকে দৌঁড়ে ঘটনাস্থলে গিয়ে খোরশেদকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তার চিৎকারে খোরশেদের স্ত্রী হাসি আক্তার এবং আশেপাশের বাড়ির লোকজন  গিয়ে খোরশেদকে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে বলে জানা গেছে। 

উক্ত বিষয়ে নকলা থানা অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।  মামলার প্রক্রিয়া চলছে।