ভ্রাম্যমাণ ভিক্ষুকদের সরকারি রেশন ও ভাতার প্রলোভন দেখিয়ে তাদের নামে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট করে অভিনব প্রতারণায় জড়িত এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত সোমবার রাজশাহী পবা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার সিআইডি।
গতকাল মঙ্গলবার সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তাররা হলেন- মোবারক হোসেন (৫৫) ও তার স্ত্রী সুলতানা খাতুন (৪৫)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ২১ লাখ ৩০ হাজার টাকা, চারটি মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা জানান, বাড়িতে ভিক্ষুক এলে তাদের সরকারি সহায়তা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের নামে নিবন্ধিত সিম ও এমএফএস অ্যাকাউন্ট হাতিয়ে নিতেন ওই দম্পতি। কোনো কোনো ক্ষেত্রে তাদের তথ্য ব্যবহার করে তোলা হতো
সিম, খোলা হতো এমএফএস অ্যাকাউন্ট। পরে সেই সিম ব্যবহার করে সম্ভাব্য ভুক্তভোগীদের ফোন দেওয়া হতো।
কৌশলে জানানো হতো যে, তার মা, মেয়ে বা স্ত্রী দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি, জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিক অর্থ প্রয়োজন। আতঙ্কিত ভুক্তভোগীরা যাচাই-বাছাই না করেই অর্থ পাঠালে ব্যবহৃত সিম ও মোবাইল নষ্ট করে ফেলত তারা। সন্দেহ এড়াতে কখনো ঠান্ডা-সর্দি বা দুর্ঘটনার অজুহাতে কণ্ঠ বদলের ব্যাখ্যাও দিত।