অধিনায়কোচিত সেঞ্চুরিতে সমালোচনার জবাব দিলেন হ্যারি ব্রুক

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়ে দলকে সেমিফাইনালে তুলেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। সুপার এইটের ম্যাচে কঠিন পরিস্থিতিতে তার এই ইনিংস ব্যাপক প্রশংসিত হচ্ছে। এর মাধ্যমে ব্রুক যেমন নিজের নেতৃত্বগুণের প্রমাণ দিয়েছেন, সেইসঙ্গে জবাব দিয়েছেন সমালোচনার।

পাল্লেকেলেতে পাকিস্তানের দেওয়া ১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড ক্রিকেট দল। প্রথম বলেই আউট হন ফিল সল্ট, অল্প সময়েই স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৫৮ রান। ঠিক তখনই দলকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন ব্রুক। প্রথমবারের মতো ব্রুককে পাঁচ নম্বর থেকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয়। ৫১ বলে ১০০ রানের ঝলমলে ইনিংসে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

এই সেঞ্চুরি শুধু ম্যাচ জেতায়নি, ব্রুকের ক্যারিয়ারের বড় সমালোচনাগুলোরও জবাব দিয়েছে। এর আগে বড় মঞ্চে ম্যাচজয়ী ইনিংস না থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। গত অ্যাশেজে হতাশাজনক পারফরম্যান্স এবং মাঠের বাইরের বিতর্কও চাপ বাড়িয়েছিল। তবে পাল্লেকেলের ইনিংসটি ছিল পরিণত, পরিকল্পিত এবং দায়িত্বশীল, যা তাকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছে।

ইনিংসজুড়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি পরিস্থিতি বুঝে খেলেছেন ব্রুক। বড় শটের সঙ্গে নিয়মিত সিঙ্গেল ও ডাবল নিয়ে চাপ কমিয়েছেন। সতীর্থ টম ব্যান্টন আউট হওয়ার পর টানা পাঁচ বলে শান্তভাবে সিঙ্গেল নেওয়া তার ম্যাচ সচেতনতারই প্রমাণ। ব্রুককে ওপরে ব্যাটিং করিয়ে পাওয়ারপ্লে কাজে লাগানোর এই পরিকল্পনাই শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

ম্যাচ শেষে ব্রুক নিজেও কোচের পরিকল্পনাকে ‘মাস্টারমাইন্ড সিদ্ধান্ত’ বলে স্বীকার করেন। এই জয়ে সুপার এইট পর্ব থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়কদের তালিকায় আগে আছেন পল কলিংউড, ইয়ন মরগান ও জস বাটলার। ব্রুক এখন সেই তালিকায় নাম লেখাতে মাত্র দুটি জয় দূরে।