দক্ষিণ ইয়েমেনে একটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনাটি ঘটে আল-মাহফাদ জেলার লাহমার এলাকায়, যা আবইয়ান ও শাবওয়া প্রদেশকে সংযুক্ত করা একটি গুরুত্বপূর্ণ সড়কপথ। কর্মকর্তাদের মতে, বিপজ্জনক এক বাঁকে ভুলভাবে ওভারটেক করতে গিয়ে দুটি যানবাহনের সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর গ্যাসচালিত বাসটিতে ভয়াবহ আগুন ধরে যায়, এতে ভেতরে থাকা কেউই বাঁচেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও আনাদোলু।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ইয়েমেনের দ্বিতীয় ভয়াবহ সড়ক দুর্ঘটনা এবং ২০২৬ সালের সবচেয়ে প্রাণঘাতী দুর্ঘটনা। গত বছর আবইয়ান প্রদেশের একটি পাহাড়ি সড়কে বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হন।
পর্যবেক্ষকদের মতে, দুর্গম ভূপ্রকৃতি, অবহেলিত সড়ক অবকাঠামো এবং দীর্ঘদিনের সংঘাতের কারণে ইয়েমেনে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়ছে। ২০১৪ সালে হুথি আন্দোলন রাজধানী সানাসহ দেশের বড় অংশ দখল করার পর থেকে চলমান সংঘাতে দেশটির সড়ক নেটওয়ার্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।