মেক্সিকোকে ভয় পেয়েছিলেন মেসি; মুখোমুখি হতে চান না বিশ্বকাপে

ফিফা বিশ্বকাপের আর মাত্র চার মাস বাকি। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবার তাদের শিরোপা ধরে রাখার মিশনে নামতে যাচ্ছে। এই মিশনে তাদের সম্ভাব্য সবচেয়ে বড় অস্ত্র লিওনেল মেসি। এখন পর্যন্ত তার বিশ্বকাপে খেলা নিয়ে তেমন কোনো সংশয় নেই। তবে বিশ্বকাপের মঞ্চে মেক্সিকোর মুখোমুখি হতে চান না আর্জেন্টিনার অধিনায়ক।

সম্প্রতি মেসি তার সাবেক সতীর্থ নাহুয়েল গুসমান–এর সঙ্গে ‘মিরো দে আত্রাস’ পডকাস্টে এক আলাপচারিতায় মেক্সিকোকে এড়িয়ে যাওয়ার কথা বলেছেন। ২০২২ সালের বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার ২-০ ব্যবধানে জয়ের ম্যাচটি মেসিদের জন্য মানসিক চাপ হয়ে দাঁড়িয়েছিল। ৩৮ বছর বয়সী মেসি বলেছেন, ‘আমরা সেই ম্যাচে ভয় নিয়েই মাঠে নেমেছিলাম। হারলে আমাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেত।’

মেক্সিকো সবসময়ই শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে পরিচিত। তারা খেলার ছন্দ নিয়ন্ত্রণ করতে পারে এবং ম্যাচের মানসিক চাপ বাড়িয়ে দেয়। ২০২৬ বিশ্বকাপে নতুন চ্যালেঞ্জ যোগ হচ্ছে উত্তর আমেরিকায় খেলার কারণে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথ আয়োজক হওয়ায় তারা বাড়তি সুবিধা পাচ্ছে। মেক্সিকোর হোম অ্যাডভান্টেজ, স্থানীয় সমর্থকের উৎসাহ আর্জেন্টিনার জন্য ম্যাচ কঠিন করে তুলতে পারে।

মেক্সিকোর ফুটবলের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেসি সতর্ক করেছেন যে, দলের কৌশলগত শক্তি, খেলার নিয়ন্ত্রণ এবং সমর্থকদের উদ্দীপনা যে কোনো পর্যায়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে। তার ভাষায়, ‘মেক্সিকো সবসময়ই কঠিন প্রতিপক্ষ, যারা বিশ্বের শীর্ষ দলগুলোর পরীক্ষা নিতে পারে। এবারের আসরে যতদূর সম্ভব মেক্সিকোর সঙ্গে মুখোমুখি হওয়া এড়িয়ে চলা উচিত, যাতে উভয় দল পরবর্তী পর্যায়ে পৌঁছাতে পারে।’