মিরসরাইয়ে ফসলী জমি থেকে কৃষকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে নিজের ফসলি জমি থেকে চৌধুরী মিয়া (৪০) নামে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৮ নম্বর দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে একটি ইটভাটা সংলগ্ন গোয়ামারা পোলের সাথে ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করে জোরারগঞ্জ থানা পুলিশ।

নিহত কৃষক চৌধুরী মিয়া দূর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

স্থানীয়রা জানায়, তার শরীরের একাধিক স্থানে কুপিয়ে জখমের চিহ্ন রয়েছে। এছাড়া গামছা দিয়ে তার দুই পা বাঁধা ছিল৷ সকালে জমিতে কাজ করতে এসে এলাকাবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ঠাকুরদীঘি এলাকায় এক কৃষকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেকে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে তদন্ত চলছে৷