মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে দুই বন্ধুর মৃত্যু

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১০:৪৭ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল কিনে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০ টায় মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবকের নাম তালাত মাহমুদ শুভ (১৯) ও আব্দুল্লাহ আল ওমর (১৯)।

নিহত শুভ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের মৃত আমিনুল ইসলামের পুত্র ও আব্দুল্লা আল ওমর একই ইউনিয়নের ফকিরপাড়া এলাকার প্রবাসী শেখ ফরিদের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টায় বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল ক্রয় করে বাড়ি ফেরার পথে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় একটি দ্রুত গতির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে শুভ নিহত হয়। ওমরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে নেয়ার পথে সেও মারা যায়। এই ঘটনায় মঘাদিয়া ইউনিয়নের পুরো এলাকা শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শুভর ভাই ইমাম হোসেন ফরহাদ ও ওমরের মামা সাইদুল ইসলাম শাহীন জানান, তারা দুইজন বন্ধু। পড়াশোনার পাশাপাশি স্থানীয় আবুতোরাব বাজারে একটি ল্যাবে চাকরি করতো। বন্ধু ওমরকে নিয়ে শুভ নতুন মোটরসাইকেল কিনতে গিয়েছে বারৈয়ারহাট। সেখান থেকে ফেরার পথে বড়তাকিয়া বাজার এলাকায় একটি দ্রুত গতির লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুইজনে নিহত হয়েছেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শুভ নামের একজন নিহতের খবর পেয়েছি। অপরজনের সঠিক খবর পাওয়া যায়নি। উভয় এলাকায় পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে ঘটনার বিস্তারিত বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত