মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকায় বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সারাদেশে গ্যাস সরবরাহ আংশিকভাবে কমে গেছে। পেট্রোবাংলা জানিয়েছে, আজ বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ হ্রাস পাবে।
এফএসআরইউটি এক্সিলারেট এনার্জির পরিচালনায় রয়েছে। বর্তমানে টার্মিনালে কারিগরি কাজ চলায় জাতীয় গ্রিডে সরবরাহ কমে এসেছে, যার প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন এলাকায়।
এর ফলে রাজধানীসহ দেশের একাধিক অঞ্চলে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে সাময়িক ভোগান্তির আশঙ্কা করছে সংশ্লিষ্টরা ।
পেট্রোবাংলা জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই মেরামত কাজ শেষ করার চেষ্টা চলছে। সাময়িক এই অসুবিধার জন্য সংস্থাটি জনসাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছে।