কুষ্টিয়ায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের একদিন পর জিকে সেচ খাল থেকে আলী হোসেন (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর গ্রাম সংলগ্ন সেচ খালের পানিতে শিশুটির মরদেহ ভেসে ওঠে।

নিহত শিশু আলী হোসেন স্থানীয় কাদেরপুর গ্রামের বাসিন্দা কাতার প্রবাসী রহমত আলী কহনের ছেলে।

পারিবারিক সূত্রে জানায়, মঙ্গলবার দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। স্বজনরা আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। বুধবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে যাওয়ার পথে জিকে সেচ খালের পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশ ও পরিবারকে খবর দেয়। পরে সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহিদ জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, শিশুটি খেলতে খেলতে খালের পানিতে পড়ে ডুবে মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।