বাবার মৃত্যু, বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলে নিহত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম

কুষ্টিয়া সদরে বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ছেলে নূর আলম জিকু নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের স্বস্তিপুর জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর আলম জিকু (৪৫) দৌলতপুর উপজেলা লালপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে ও মাগুড়ার একটি বেসরকারি সংস্থায় কর্মী।

চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপুলিশ পরিদর্শক মো.মহিদুল ইসলাম জানান, বুধবার বিকেলে জিকুর বাবা জসিম উদ্দিন নিজ বাড়িতে মারা যান। এই খবর পেয়ে জিকু তার কর্মস্থল থেকে ভায়রা ভাইয়ের সঙ্গে মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে  স্বস্তিপুর পৌঁছলে একটি বালিবাহী ট্রাককে ওভারটেক করার সময় সড়কে ছিটকে পড়েন তাদের মোটরসাইকেলটি। এসময় পেছন থেকে অপর একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জিকু নিহত হন। সংবাদ পেয়ে চৌড়হাস হাইওয়ের পুলিশ  মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এদিকে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সর্বশেষ সর্বাধিক পঠিত