জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ইসলামী ছাত্রশিবির আয়োজিত ইফতার মাহফিলে খাবার সংকটের অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের আগেই খাবার শেষ হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী ইফতার না করেই ফিরে যেতে বাধ্য হন। এ ঘটনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানা যায়।
শিক্ষার্থীরা জানান, আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হলেও অংশগ্রহণকারীদের সংখ্যার তুলনায় খাবারের পরিমাণ ছিল অপ্রতুল। ফলে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও অনেকেই খাবার পাননি। কেউ কেউ অভিযোগ করেন, সারিবদ্ধভাবে বসে থাকার পরও তাদের হাতে কোনও খাবার পৌঁছায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ইফতারের জন্য নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই আমরা নির্দিষ্ট জায়গায় বসি। কিন্তু হঠাৎ শুনি খাবার শেষ। এটা খুবই হতাশাজনক।
আরেকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে আয়োজন করলে আগে থেকেই সঠিক পরিকল্পনা করা উচিত ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। হলে অবস্থানরত এক শিক্ষার্থী নাম প্রকাশ না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আজ আমরা ইফতার মাহফিলে গিয়েছিলাম শিবিরের। রুমের প্রত্যেক এ খাবার পাইনি। ৫টা বাজে গিয়ে বসে থেকে রোজা মুখে ফেরত আসলাম। রোজা ভাঙতে পানি টাও জুটেনি। মানে, জকসু শেষ আর সবাই না খেয়ে থাক!
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে জবি শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম তার ফেসবুক পোস্টে লিখেছেন, প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোনেরা আমাদের আজকের ইফতার মাহফিলে যাদের নিকটে ইফতার সামগ্রী পৌঁছে দিতে পারিনি তাদের কাছে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আশাকরি আমাদের আজকের এই ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।