মানিকগঞ্জে জবির কালীগঙ্গা বাসে হামলা, আহত অন্তত ১০

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৯:১৫ পিএম

স্থানীয়দের সঙ্গে বিরোধের জেরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বনদক্ষিণ বাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের বহনকারী ‘কালীগঙ্গা’ বাসে হামলার ঘটনায় শিক্ষার্থী ও চালকসহ অন্তত প্রায় ১০ জন আহত হয়েছেন।  

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মানিকগঞ্জগামী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘কালীগঙ্গা’ বাসটি সিংগাইরের বনদক্ষিণ বাজার এলাকায় গেলে স্থানীয়দের হামলার শিকার হয়।

জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন বাসে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি ড্রাইভারসহ অনেকেই আহত হয়েছে। একটা স্টুডেন্টের মাথা ফাটছে, আরো অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, সিংগাইর সড়কে একটি দুর্ঘটনা ঘটে, তবে জবির বাসটি এর সঙ্গে জড়িত নয় বলে নিশ্চিত হয়েছি। স্থানীয় এ ঘটনায় বাসটিকে টার্গেট করে হামলা চালিয়েছে। তারা হয়ত মনে করেছে এ ঘটনায় বাসটি জড়িত। 

তিনি আরও বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা মামলা করলে তা নেওয়া হবে।

জবির পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক বলেন, বনদক্ষিণ বাজারে আমাদের একটি গাড়ির উপর হামলার ঘটনা ঘটেছে। এর আগে, গাড়িটা ঐ এলাকার একটা অটোওয়ালার সাথে তর্কে বিতর্ক জড়িয়েছিলো। আমাদের স্টুডেন্টরা নেমে সম্ভবত অটোওয়ালাকে ধাক্কা মারছে। এরপর আর কি হয়েছে বিস্তারিত এখনও জানিনা। তবে পরে গাড়িতে ওরা স্থানীয় লোকজন সহ হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, আমাদের গাড়ি যেটা হামলা হইছে সেটার নাম হচ্ছে কালীগঙ্গা যেটা মানিকগঞ্জে যায়। আর ওখানে প্রায় ১০ জনের মতো আহত হইছে। যার মধ্যে দুইজনের খুবই মারাত্মক ইনজুরি হয়েছে বলে এখন পর্যন্ত জানতে পেরেছি। আমি দেখতে যাচ্ছি, পথে আছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত