চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ। বাম হাঁটুর পুরোনো ইনজুরি পুনরায় জেঁকে বসায় তাকে ছাড়াই বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে বেনফিকার বিপক্ষে মাঠে নামবে কোচ আলভারো আরবেলোয়ার শিষ্যরা।
কয়েক মাস ধরেই বাম হাঁটুতে অস্বস্তি অনুভব করছিলেন ২৭ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ড। গত মঙ্গলবার অনুশীলনের সময় তিনি আবারও ব্যথা অনুভব করেন। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগার ম্যাচেও একই কারণে তিনি খেলতে পারেননি। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে রিয়াল কোচ আলভারো আরবেলোয়া এমবাপ্পের ফিটনেস নিয়ে আশাবাদী ছিলেন। তিনি বলেছিলেন, 'কিলিয়ান খেলার জন্য প্রস্তুত, যা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। দলের প্রতি তার যে দায়বদ্ধতা, তা অতুলনীয়। সে মাঠের ফল নির্ধারণ করে দেওয়ার মতো একজন খেলোয়াড়।" তবে মঙ্গলবার রাতের পরীক্ষার পর মেডিকেল টিম তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেয়।
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এমবাপ্পে। লা লিগায় গোল করেছেন ২৩টি। আর চ্যাম্পিয়নস লিগে ১৩টি গোল করে গোলদাতার তালিকায় শীর্ষে তিনি। সব মিলিয়ে মৌসুমে এখন পর্যন্ত ৩৮টি গোল করেছেন এই তারকা। তার অনুপস্থিতিতে আক্রমণভাগে থাকছেন ভিনিসিয়াস জুনিয়র, ব্রাহিম ডিয়াজ এবং তরুণ তুর্কি ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো।
লিসবনে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে রিয়াল মাদ্রিদ ১-০ ব্যবধানে জিতেছিল। সেই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়র জয়সূচক গোলটি করেছিলেন। তাই আজকের ম্যাচে ড্র করতে পারলেই শেষ ১৬-তে জায়গা করে নেবে স্প্যানিশ জায়ান্টরা।
শুধু এমবাপ্পেই নন, ইনজুরির কারণে এই ম্যাচে পাওয়া যাচ্ছে না জুড বেলিংহ্যামকেও। এছাড়া গ্রুপ পর্বে রেফারির সাথে বাজে আচরণের দায়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।