ফুটবল বিশ্বে নিজের আত্মবিশ্বাস প্রকাশ করতে গিয়ে কিলিয়ান এমবাপ্পে সম্প্রতি নিজেকে ‘বিশেষভাবে নির্বাচিত’ বা ‘দ্য চোজেন ওয়ান’ বলে মন্তব্য করেছিলেন। এর জবাবে বর্তমান ব্যালন ডি'অর জয়ী উসমান দেম্বেলে জানিয়েছেন, তিনি কখনোই ‘বিশেষভাবে নির্বাচিত’ ছিলেন না, বরং সবসময় পেছনের সারিতে থেকে কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই জায়গায় পৌঁছেছেন। ফরাসি লিগে ব্রেস্তের বিপক্ষে পিএসজির ১-০ গোলে জয়ের পর এই মন্তব্য করেন দেম্বেলে।
ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে দাবি করেছিলেন যে গত মৌসুমে তার চেয়ে ভালো কেউ ছিল না। একই সঙ্গে তিনি বলেন, দপম্বেলে সবসময় একজন প্রতিভাবান খেলোয়াড় হিসেবে গণ্য হলেও তিনি নিজে সবসময় ‘বিশেষভাবে নির্বাচিত’ হিসেবে পরিচিত।
গত বছরের ব্যালন ডি'অর জয়ী উসমান দেম্বেলে পিএসজির জার্সিতে দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর এমবাপ্পের এই মন্তব্যের জবাবে বলেন, "আমি সবসময় ক্লাসের পেছনের সারিতে থেকে কঠোর পরিশ্রম করেছি। আমার পুরো ক্যারিয়ার জুড়ে আমি কোনো কথা বলিনি, শুধু অবিশ্বাস্য পরিশ্রম করে গেছি। আমি কখনোই ‘বিশেষভাবে নির্বাচিত’ ছিলাম না, কিন্তু পরিশ্রম করেছি এবং গত বছর পিএসজির হয়ে দারুণ এক মৌসুমের পর তার পুরস্কার পেয়েছি।" এ বছর ব্যালন ডি'অর জয়ের দৌড় নিয়ে তিনি বলেন, "এ বছর দেখা যাক কী হয়—কোনো চাপ নেই, একদম শান্ত আছি।"
লুইস এনরিকের অধীনে গত মৌসুমে পিএসজির ঐতিহাসিক সাফল্যে দারুণ ভূমিকা রেখেছিলেন ২৯ বছর বয়সী ডেম্বেলে। লিগ ওয়ান, কুপ দে ফ্রান্স এবং ফাইনালে ইন্তার মিলানকে ৫-০ গোলে হারিয়ে ক্লাবটির ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৫টি গোল করেছিলেন। এর সুবাদেই ষষ্ঠ ফরাসি খেলোয়াড় হিসেবে ব্যালন ডি'অর জেতেন তিনি।
অন্যদিকে, ২০২৪ সালে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পে স্প্যানিশ ক্লাবে নিজের অভিষেক মৌসুমে ৪৪ গোল করেও গত বছরের ব্যালন ডি'অর ভোটাভুটিতে সপ্তম স্থানে ছিলেন। দেম্বেলে বিশ্বাস করেন, চলতি বছরও এই মর্যাদাপূর্ণ ট্রফিটি কোনো পিএসজি খেলোয়াড়ের হাতেই থাকবে।