বাংলাদেশ ব্যাংকের ৪ পরিচালককে বদলি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বদলির পর এবার কেন্দ্রীয় ব্যাংকের চারজন পরিচালক ও একজন অতিরিক্ত পরিচালককে বদলি করা হয়েছে। 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, পরিচালক মো. জয়নুল ইসলামকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ থেকে বদলি করে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। পরিচালক মো. শহিদ রেজাকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ থেকে বদলি করে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ পাঠানো হয়েছে।

অপর এক বদলিতে পরিচালক মো. বায়েজিদ সরকারকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে মতিঝিল অফিসে বদলি করা হয়েছে। তিনি সেখানে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলামকে মতিঝিল অফিস থেকে বদলি করে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ পাঠানো হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলামকে গভর্নর অফিস থেকে বদলি করে সদরঘাট অফিসে দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান দফতরে দায়িত্ব হস্তান্তর শেষে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বদলি করা হয়। তারই ধারাবাহিকতায় এই রদবদল আনলো বাংলাদেশ ব্যাংক।