চীন সফরে জার্মান চ্যান্সেলর

সরকারি সফরে চীনে পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস। গতকাল বুধবার বেইজিংয়ে পৌঁছান তিনি। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে দায়িত্ব নেওয়ার পর চীনে প্রথম সফর করছেন মের্ৎস। সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে পৃথক বৈঠকে বসবেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে মতবিনিময় করবেন। ২৬ ফেব্রুয়ারি (আজ) পর্যন্ত চীন সফর করবেন তিনি।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, চীন ও জার্মানির মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ৫০ বছরেরও বেশি সময় ধরে এ সহযোগিতা ক্রমান্বয়ে শক্তিশালী হয়েছে। ইউরোপে জার্মানি এখন পর্যন্ত চীনের বৃহত্তম বাণিজ্য অংশীদার এবং সরাসরি বিদেশি বিনিয়োগের প্রধান উৎস হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও জার্মানির বার্ষিক দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ধারাবাহিকভাবে ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাচ্ছে।