‘আধুনিক চট্টগ্রামের স্বপ্নদ্রষ্টা ছিলেন আব্দুল্লাহ আল নোমান। তিনি প্রতিষ্ঠান গড়েছেন, আমৃত্যু চট্টগ্রামের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। তার আদর্শ, সততা ও দেশপ্রেমকে ধারণ করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।’ বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার আয়োজিত দোয়া মাহফিলে বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, মরহুম আব্দুল্লাহ আল নোমান অত্যন্ত বিনয়ী, প্রাজ্ঞ ও সজ্জন রাজনীতিবিদ ছিলেন। তিনি কর্মীদের কাছে বিপদের বন্ধু ছিলেন, চট্টলার মানুষের কাছে সর্বজনীন রাজনীতিবিদ ছিলেন।
চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় মরহুমের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে এই দোয়া মাহফিল খতমে কোরআন, মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে মরহুমের পুত্র চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ানসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।