জামায়াতে ইসলামী

পিলখানা হত্যাকান্ডে শেখ হাসিনা ও মইন ইউ আহমেদ জড়িত

বহুল আলোচিত পিলখানা হত্যাকান্ডে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল মইন ইউ আহমেদ জড়িত, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদে প্রধান  বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতারা। 

বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী, সেনাপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায় এড়ানোর সুযোগ নেই। গতকাল বুধবার ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে ঢাকার বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।

ডা. শফিক বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারির পিলখানা হত্যাকান্ড ছিল দেশের সামরিক শক্তিকে দুর্বল করার একটি গভীর ষড়যন্ত্র। যাদের হত্যা করা হয়েছে, তাদের পরিকল্পিতভাবে সেখানে পোস্টিং দেওয়া হয়েছিল।

জামায়াত আমির বলেন, ঘটনার পর দুটি তদন্ত কমিশন গঠন করা হয় - একটি সেনাবাহিনীর পক্ষ থেকে, অন্যটি তৎকালীন সরকারের পক্ষ থেকে। কিন্তু ওই দুই তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তখন যারা ক্ষমতায় ছিলেন, তাদের সঙ্গে এই হত্যাকান্ডের গভীর সম্পর্ক ছিল বলেই প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তিনি প্রতিবেদন প্রকাশের দাবি জানান।