ছেলে খেলছে বিশ্বকাপ; বাবা লড়ছেন মৃত্যুর সঙ্গে

ঘরের মাঠে ছেলে যখন বিশ্বকাপ খেলছে, তখন বাবা লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। ভারতের তারকা ব্যাটার রিংকু সিংয়ের বাবা খানচন্দ সিং ক্যান্সারে আক্রান্ত। তাকে এই মুহূর্তে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো। বাবাকে দেখতে ইতোমধ্যেই দল ছেড়ে চলে গেছেন রিংকু।

আজ বৃহস্পতিবার বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে নামবে ভারত। তবে জানা গেছে, জিম্বাবুয়ে ম্যাচের আগে আবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতীয় ক্রিকেটার। বুধবার চিপকে সাংবাদিক সম্মেলনে ভারতের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক বলেন, ‘আজ (গতকাল) সন্ধ্যায় দলে ফিরছে রিঙ্কু। ওর বাবা ভালো নেই, তাই দেখতে গিয়েছিল। কিন্তু যতদূর জানি, আজই দলের সঙ্গে সে যোগ দেবে।’বাবার সঙ্গে রিঙ্কু সিং।

জিম্বাবুয়ে ম্যাচ খেলতে দলের সঙ্গে চেন্নাইয়ে গিয়েছিলেন রিঙ্কু। কিন্তু গত মঙ্গলবার সকালে হঠাৎ দল ছেড়ে বাড়ি ফেরেন তিনি। ভারতীয় দল সূত্রে খবর, গ্রেটার নয়ডার একটি বেসরকারি হাসপাতালে রিঙ্কুর বাবা খানচন্দ সিংকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। খবর পাওয়ার পর কোচ গৌতম গম্ভীরের অনুমতি নিয়ে বাবাকে দেখতে যান রিঙ্কু। ধারণা করা হয়েছিল, জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে পারবেন না। তবে তিনি ফিরছেন।

চলতি বিশ্বকাপে একেবারেই ফর্মে নেই রিঙ্কু। পাঁচ ম্যাচে রান করেছেন মাত্র ২৪। তবে নজর কেড়েছেন ফিল্ডিংয়ে। বেশ কয়েকটি কঠিন ক্যাচ ধরেছেন, বাউন্ডারি বাঁচিয়েছেন। টুর্নামেন্টের এই পর্যায়ে এসে দলে কতটা পরিবর্তন করতে চান গম্ভীর, সেই প্রশ্নও উঠছে। ফলে ফিনিশারের ভূমিকায় আরও একবার দেখা যেতে পারে রিঙ্কুকে। পাশাপাশি গম্ভীরের ভরসার ক্রিকেটার তিনি। পরিবারের কঠিন সময়েও দেশের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ফিরে সেই ভরসারই দাম দিয়েছেন রিঙ্কু।