স্পেনের বালেয়ারিক দ্বীপপুঞ্জের প্রাদেশিক আদালত এক নারীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ, বিলাসবহুল একটি বাড়ি বিক্রির অর্থ থেকে ৩০ লাখ ইউরোর বেশি আত্মসাৎ করেছেন তিনি। বাড়িটি বিক্রি করা হয়েছিল বার্সেলোনার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির কাছে।
সি.এস. নামে পরিচিত দণ্ডিত ওই নারী ছিলেন আর্চিপ্যাশন এস.এল. নামের প্রতিষ্ঠানের একমাত্র পরিচালক এবং কোম্পানির ২৫ শতাংশ শেয়ারের মালিক। প্রতিষ্ঠানটির মালিকানাধীন বাড়িটি ছিল মায়োরকার সান্তা পোনসার একটি অভিজাত আবাসিক এলাকায়।
আদালতের রায়ে বলা হয়েছে, সম্পত্তি বিক্রির অংশ হিসেবে ৩৫ লাখ ১৫ হাজার ৬৬৬ ইউরো কোম্পানির নামে খোলা একটি ব্যাংক হিসাবে জমা পড়ে। কিন্তু ওই হিসাবটি অন্য দুই অংশীদারের অজান্তে খোলা হয়েছিল, যাদের সম্মিলিত মালিকানা ছিল ৫০ শতাংশ।
রায়ে আরও উল্লেখ করা হয়, অর্থ জমা হওয়ার পর অভিযুক্ত বিভিন্ন ব্যাংক লেনদেনের মাধ্যমে বড় অংশ নিজের ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করেন। তিনি পদত্যাগ করার সময় হিসাবে অবশিষ্ট ছিল মাত্র ৪ লাখ ৮ হাজার ইউরোর কিছু বেশি। আদালত মনে করেন, অন্য অংশীদারেরা হিসাব খোলা ও অর্থ স্থানান্তরের বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিলেন। ফলে আত্মসাৎ ও বিশ্বাসভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়।
কারাদণ্ডের পাশাপাশি অভিযুক্তকে ক্ষতিগ্রস্ত দুই অংশীদারকে ১৬ লাখ ২৫ হাজার ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার পূর্বে কোনো অপরাধের রেকর্ড না থাকায় এবং সাজা দুই বছরের বেশি না হওয়ায় শর্তসাপেক্ষে কারাদণ্ড স্থগিত করা হয়েছে। শর্ত হলো—নতুন কোনো অপরাধ করা যাবে না এবং নির্ধারিত ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে। এই রায়ের বিরুদ্ধে কোনো পক্ষই আপিল করবে না বলে জানা গেছে।