চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে ২-১ গোলের জয় বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়ানো সবার উদ্দেশ্যে উৎসর্গ করেছেন মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৩–১ ব্যবধানে শেষ ষোলো নিশ্চিত করেছে রিয়াল। দলের হয়ে জয়সূচক গোলটি করেছেন ব্রাজিল তারকা ভিনিসিয়ুস জুনিয়র, যিনি আগের লেগে বর্ণবাদী আচরণের অভিযোগ করেছিলেন প্রতিপক্ষের জিয়ানলুকা প্রেস্টিয়ানির বিরুদ্ধে।
প্রেস্টিয়ানি অভিযোগ অস্বীকার করলেও তাকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। সমর্থকেরাও ভিনিসিউসের পাশে দাঁড়ান—ম্যাচের আগে গ্যালারিতে ‘বর্ণবাদকে না’ লেখা ব্যানার প্রদর্শন করা হয়। মাঠের লড়াইয়ে অবশ্য সব মনোযোগই ছিল ফুটবলে। ১৪ মিনিটে রাফা সিলভার গোলে এগিয়ে যায় বেনফিকা। তবে ২ মিনিটের মধ্যেই সমতা ফেরান অরেলিয়েন চুয়ামেনি।
ম্যাচ শেষে চুয়ামেনি বলেন, ‘আমি মনে করি, এই ম্যাচ বা ফুটবলের চেয়েও গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। ভিনিসিউস নিজের আত্মবিশ্বাস ধরে রেখেছে এবং নিজের কাজেই মনোযোগ দিয়েছে। ওকে (প্রেস্টিয়ানি) এই ম্যাচে খেলতে না দেওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল। যেমনটা বলেছি, ফুটবলের চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় আছে, আর এটি আমাদের সবার (বর্ণবাদ বিরোধী) জন্য একটি জয়।’
ম্যাচের ৮০ মিনিটে গোল করার পর আগের মতোই নাচের উদযাপন করেন ভিনিসিউস। তার প্রশংসায় রিয়ালের আরেক তারকা ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড বলেন, ম্যাচের আগে ভিনিসিউস স্বাভাবিক ও শান্ত ছিলেন, ‘তার নতুন করে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। সে বারবার দেখিয়েছে, সে কতটা ভালো। যখন দলের তাকে সবচেয়ে বেশি প্রয়োজন হয়, তখনই সে সামনে আসে।’
রিয়াল কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘ভিনিসিয়ুসের গোল দেখে আমি আনন্দিত, কারণ সে এই মুহূর্তের যোগ্য।’ গোলরক্ষক থিবো কোর্তোয়া যোগ করেন, ‘ভিনি এখনও নাচছে দেখে আমি খুশি, কারণ এর মানে সে গোল করছে।’ ভিনিসিয়ুসও ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘নাচ চলতেই থাকবে।’
ছেলে খেলছে বিশ্বকাপ; বাবা লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভিনিসিউসের গোলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদ