পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে চলাচলের রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জনতা কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন-মো. নাজরুল ইসলাম (২৮), তার চাচাতো ভাই মো. সা্ইদুর রহমান মুছা (২৫), মোছা. সাফিয়া বেগম (৫২), সোহরাব হোসেন (৫০) ও আবুল হোসেন (৬৫)। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত সাফিয়া বেগম ও আবুল হোসেনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাত ১০টায় দুমকি থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সিদ্দিকুর রহমান মৃধাসহ কয়েকজনের সঙ্গে বাদি নজরুল ইসলাম গংদের বিরোধ চলছিল। ঘটনার দিন প্রতিপক্ষের ছিদ্দিক মৃধা, ফিরোজ আলম শাওনসহ ৫/৬জন দেশীয় ধারাল অস্ত্র-দা, বটি নিয়ে অতর্কিত হামলা চালায় এবং এলোপাথারী নারী সদস্যসহ পাঁচজনকে কুপিয়ে রক্তাক্ত করেছে।
দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। রাতেই ফিরোজ আলম শাওন ও ছিদ্দিকুর রহমান নামের দুই আসামিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।