ক্রিকেট নিয়ে দ্বন্দ্বে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারেক আহমদ (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে চাচা আতিক আহমদের বিরুদ্ধে। উপজেলার ঘড়গাঁও এলাকায়  বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারে আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

নিহত তারেক আহমদ (২১) একই এলাকার বাসিন্দা। নিহত ও অভিযুক্ত সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রাজনগর থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, বুধবার বিকেলে ঘড়গাঁও এলাকার একটি মাঠে কয়েকজন তরুণ-যুবক মিলে ক্রিকেট খেলছিলেন। খেলার একপর্যায়ে জোরে বল করাকে কেন্দ্র করে তারেক ও আতিকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। সামান্য বিষয় নিয়ে শুরু হওয়া তর্ক দ্রুত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আতিক ভাতিজা তারেককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তারেককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ মর্গে রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।