ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে অংশ নিতে সৌদি আরবের জেদ্দায় অবস্থান করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইসলামি। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১০টায় সৌদি আরবের জেদ্দায় সদর দপ্তরে ওআইসিভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশ রূপান্তরকে জানান, বৈঠকের একমাত্র এজেন্ডা ইসরায়েলের অবৈধ সিদ্ধান্ত নিয়ে সমন্বিত অবস্থান নেওয়া। বিশেষ করে ওয়েস্ট ব্যাংকে নতুন সেটেলমেন্ট, ভূমি দখল, অ্যানেক্সেশন আর স্টেট প্রপার্টি নামে জমি বরাদ্দের চেষ্টা এসবের বিরুদ্ধে বাংলাদেশ নিন্দা জানাবে এবং কীভাবে পাল্টা পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ছাড়াও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দারসহ ইতোমধ্যে ২৫ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা জেদ্দায় পৌঁছেছেন।
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূমি অবৈধভাবে দখলের পর সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। পাশাপাশি এলাকাটিকে ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ড হিসেবে ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথাও বলা হয়েছে। এ সিদ্ধান্তের প্রেক্ষিতেই ওআইসি’র এ জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে সংস্থাটি ৫৭ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী বা উচ্চপদস্থ প্রতিনিধি উপস্থিত থাকবেন।
ওআইসির সূত্র বলছে, ইসরায়েলের এমন পদক্ষেপ দুই-রাষ্ট্র সমাধানকে পুরোপুরি ধ্বংস করার চেষ্টা কার হচ্ছে। আজকের এই বৈঠক থেকে আশা করা হচ্ছে-একটি যৌথ ঘোষণা, সম্ভবত জাতিসংঘে নতুন প্রস্তাব এবং অর্থনৈতিক চাপের পরিকল্পনা আসবে।
বৈঠকের ফলাফল নিয়ে বিশ্বের নজর এখন জেদ্দার দিকে।