দাম্পত্য জীবনের ২৭ বছর

দেখতে দেখতে দাম্পত্য জীবনের ২৭ বছর পূর্ণ করলেন বলিডের দুই জনপ্রিয় তারকা অজয় ও কাজল দম্পতি।  দীর্ঘ ২৭ বছর ধরে ব্যক্তিগত ও পেশাগত জীবন সমানতালে সামলে চলেছেন তারা।  ১৯৯৭ সালে ‘ইশক’ সিনেমার শুটিং সেট থেকেই তাদের প্রেমের শুরু। এরপর ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন অজয়–কাজল। 

বিবাহবার্ষিকী উপলক্ষে স্বামী অজয়ের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন কাজল। ছবিতে মেরুন শাড়ি ও চোকারে সেজেছেন কাজল, আর কালো স্যুটে গম্ভীর মেজাজে ধরা দিয়েছেন অজয়। একে অপরের চোখের দিকে তাকিয়ে হাসতে দেখা যায় তাদের। 

দীর্ঘ দাম্পত্য জীবনের মজার দিকটি ইঙ্গিত করে কাজল লিখেছেন, ‘বুঝদারির এক বিরল মুহূর্তে আমরা দুজনেই একমত হয়েছি যে, আমাদের দুজনকেই একটি করে মেডেল ও ট্রফি দেওয়া উচিত!’ 

এই পোস্টে বলিউডের সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। অনেকেই লিখেছেন, ‘আপনারাই বাস্তব জীবনের সেরা জুটি।’ অন্যদিকে, অজয় দেবগন নিজের চিরচেনা গম্ভীর ভাব বজায় রাখলেও সোশ্যাল মিডিয়ায় বরাবরের মতোই প্রাণবন্ত কাজল। 

ক্যারিয়ারের দিক থেকেও দুজনই ব্যস্ত সময় পার করছেন। অজয় দেবগনকে সর্বশেষ দেখা গেছে ‘দে দে পেয়ার দে ২’ সিনেমায়। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে ‘ধামাল ৪’, যা পরিচালনা করেছেন ইন্দ্র কুমার। সিনেমায় আরও অভিনয় করেছেন রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ারসি ও জাভেদ জাফরি।