সৌদি প্রো লিগে দারুণ ছন্দে আছে আল-নাসর। বুধবার রাতে আল-নাজমাকে ৫–০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টানা নবম জয় তুলে নিয়েছে রিয়াদভিত্তিক ক্লাবটি। এই জয়ে লিগের শীর্ষস্থানও ধরে রেখেছে তারা। ম্যাচে গোল করেছেন সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো, সাদিও মানে ও কিংসলি কোমান।
আল-নাজমা ক্লাব স্টেডিয়ামে অনুষ্ঠিত সৌদি প্রো লিগের ম্যাচটির শুরুতেই গোল করেন রোনালদো। ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্তে পাওয়া পেনাল্টি থেকে তিনি সুযোগ কাজে লাগান। এটি তার ক্যারিয়ারের ৯৬৫তম গোল। চার অঙ্কের মাইলফলক ছোঁয়ার পথে আরেক ধাপ এগোলেন পর্তুগিজ মহাতারকা।
কিংসলি কোমানের সৌজন্যে প্রথমার্ধেই ব্যবধান বাড়ায় আল-নাসর। কোমান ঘুরে দাঁড়িয়ে নিখুঁত শটে করেন দ্বিতীয় গোল। পরে দূরপাল্লার শটে জালে বল পাঠান ইনিগো মার্তিনেজ। তার ডিফ্লেকশনে গোলরক্ষক পরাস্ত হন। দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে চতুর্থ গোল। রোনালদোর পাস থেকে দুর্দান্ত শটে মানে বল জালে জড়ান। পরে কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় গোল করেন মার্তিনেজ।
সম্প্রতি আল-হিলাল টানা দুই ম্যাচ ড্র করায় সুযোগ নেয় আল-নাসর। এখন তারা দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছে। যদিও এখনও ১১ ম্যাচ বাকি, ফলে শিরোপা লড়াই জমে উঠেছে। এদিকে কারিম বেনজেমার দল এবং ইভান টনির আল-আহলিও শীর্ষস্থানে ওঠার দৌড়ে রয়েছে। ২০২৩ সালে সৌদি আরবে যোগ দেওয়ার পর এবারই প্রথম লিগ শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন রোনালদো।