নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ৯০তম জন্মবার্ষিকী পালন

স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী জন্মস্থান নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট ও জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল কুরআনখানি, শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি, রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নূর মোহম্মদ নগরে  একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে নূর মোহাম্মদের বসতভিটায় নির্মিত স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

এসময় স্মৃতিস্তম্ভে নড়াইল জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি চৌকষ বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার প্রদান করেন।

গার্ড অব অনার শেষে দোয়া ও মোনাজাত পরিচালন করেন অবসরপ্রাপ্তা মাদরাসা সুপার এটিএম মাহমুদুর রহমান। এরপর বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের বীরত্বগাথা জীবনী তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মধ্যে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জীবনী তুলে ধরার আহ্বান জানান।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ট্রাষ্টের সভাপতি ও নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মাদ আব্দুল ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. নূর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আহসান মাহমুদ রাসেল, বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ শেখের সন্তান শেখ মো.মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রণব কান্তি অধিকার, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার প্রমুখ।

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্য, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমান নূর মোহাম্মদ নগর)। তার বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা।  ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার ঝিকরগাছার গোয়ালহাটিতে পাকবাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে তিনি শহীদ হন। যশোরের শার্শার কাশিপুর গ্রামে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।