মুন্সীগঞ্জে আলু ক্ষেতে ককটেল বিস্ফোরণে শিশুর আঙ্গুল বিচ্ছিন্ন

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দিতে আলু ক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে মো. মোস্তাকিম (৮) নামে এক শিশুর হাতের আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় শিশু মোস্তাকিমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
আহত ওই শিশু মুন্সীকান্দি গ্রামের আল-আমিনের ছেলে।

শিশুর বাবা আল-আমিন জানান, দুপুর আড়াইটার দিকে সকলের অজ্ঞাতসারে তার শিশু পুত্র মোস্তাকিম বাড়ির পাশের আলু ক্ষেতে চলে যায়। হঠাৎ করেই বিস্ফোরণের বিকট শব্দ পেয়ে পরিবারের লোকজন আলু ক্ষেতে ছুটে যান। এ সময় তার ছেলেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিশু মোস্তাকিমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. এসএম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের পাঁচটি আঙ্গুলই ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। আঘাত লেগেছে ডান পায়েও।

এ প্রসঙ্গে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।