মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই সন্তানের গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী সুমন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতের কোন এক সময় উপজেলা বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামের নিজেদের বসত ঘরে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম রিনা আক্তার (৩২), মধ্যমকান্দি গ্রামের মৃত আব্দুস বাছেতের ছেলে সুমন সরকারের স্ত্রী ও উপজেলার টেংগারচর ইউনিয়ন বৈদ্দারগাঁ গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে, ব্যক্তিগত জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের জননী।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ক'দিন পর পরই বিভিন্ন বিষয় নিয়ে সুমন ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হতো, সে প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন, গতকাল রাতেও মারধর করলে প্রতিবেশীরা রিনাকে ঘরে দিয়ে আসে। পরে গভীর রাতে কোন এক সময় এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় তার স্বামী।
এ বিষয়ে সুমনের মা বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে সুমন তার স্ত্রীকে মারধর করলে আমি বাঁচাতে এগিয়ে গেলে সে আমাকেও মারে, পরে বুঝাইয়া রিনাকে ঘরে দিয়ে আসলে রাতের কোনো এক সময় ঘুমন্ত স্ত্রীকে মেরে আত্মগোপনে চলে যায়, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
বাড়ির পাশের আলম নামে এক প্রবাস ফেরত বলেন, কোন দিন তাকে মসজিদে দেখি নাই, আজ ফজরের নামাজ পড়ে সুমন, আমি কথা বলতে চাইলে তড়িঘড়ি করে চলে যায়।
বিষয়টা নিয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ নকীব আকরাম হোসেন বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। ময়না তদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া চলছে।