নকলায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, নকল পণ্য ধ্বংস

শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে, বিএসটিআইয়ের ভুয়া সিল ব্যবহার করে সেমাই, আইসক্রিম এবং চিপস তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা অর্থদণ্ডসহ বিপুল পরিমাণ মালামাল ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দিনব্যাপী জেলা এনএসআই শেরপুরের উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় অতিরিক্ত পরিচালকের নির্দেশে নকলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী ও বিএসটিআই কর্মকর্তা বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার রাহাত আহমেদ এর যৌথ উদ্যোগে সঙ্গীয় পুলিশ ফোর্সের উপস্থিতিতে নকলা উপজেলার জালালপুর এলাকায় আলিফ ফুড এন্ড বেকারী ও মিথিল ফুড প্রোডাক্টস নামক দুটি ভেজাল কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান কালে উক্ত প্রতিষ্ঠান দুটিতে কর্মকর্তারা নকল বিএসটিআইয়ের লোগো ব্যবহার, কারখানা স্থাপনের অনুমোদনপত্র, পরিবেশ ছাড়পত্রসহ প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এছাড়া কারখানাটিতে বিভিন্ন প্রোডাক্ট উৎপাদনের জন্য ল্যাব না থাকায় খালি হাতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বাহির থেকে নিয়ে আসা প্যাকেটে আলিফ ফুড এন্ড বেকারীতে চেয়ারম্যান সেমাই তৈরি এবং মিথিল ফুড প্রোডাক্টস কারখানায় চানাচুর প্রতি বস্তায় ২০০ গ্রাম করে ১ হাজার ২০০ পিস, চিপস, ফ্রী ফায়ার ২ হাজার ৪০০ পিস, মটর ভাজা- ১ হাজার ৪০০ বস্তা, ফাটাফাটি চিপস-২৪০০ পিস, পটেটো চিপস- ২০০পিস। প্রোডাক্টগুলো নিয়মিত প্যাকেটজাত করা সহ খোলা অবস্থায় ৮ হাজার ৮২০ প্যাকেট চিপস জব্দ করা হয়।

এছাড়াও একই কারখানায় স্ট্রবেরিসহ বিভিন্ন নামীয় নকল আইসক্রিম জব্দপূর্বক ধ্বংস করা হয়।

অভিযানকালে মিথিল ফুড প্রোডাক্ট কারখানাকে ৫০ হাজার টাকা এবং আলিফ ফুড এন্ড বেকারি কারখানাকে ৩৫ হাজার টাকা জরিমানা করে কারখানাটি বন্ধ করে দেওয়া হয় এবং ৭১০ কেজি সেমাই নষ্ট করা হয়।