কেমন আছেন জনা

দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত নেই একসময়ের ব্যস্ত নায়িকা জনা। সিনেমাতে অভিনয় করার পাশাপাশি রাজধানীর উত্তরায় ‘আরিয়ানস ফ্যাশন’ নামে একটি ফ্যাশন হাউজ পরিচালনা করতেন এই অভিনেত্রী। ২০০৩ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি এই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার কারণে এই ব্যবসায় আর ধারাবাহিকতা রাখতে পারেননি জনা। ২০১৮ সালে রাজধানীর গুলশান-২-এ তিনি ‘জাওয়াদ হাবিব’ নামে ছেলেদের ও মেয়েদের আলাদাভাবে একই বিল্ডিংয়ের ওপরে ও নিচে সেলুন চালু করেন। ছেলেদের সেলুনের নাম ‘জাওয়াদ হাবিব সেলুন’ ও মেয়েদের সেলুনের নাম ‘জাওয়াদ হাবিব বিউটি অ্যান্ড স্পা’। রাজধানীর গুলশানের ৪৪ নম্বর রোডের ৬/বি ঠিকানায় তার এই ব্যবসা প্রতিষ্ঠান অবস্থিত।

জনা ২০০৯ সালের ১৪ ফেব্রুয়ারি ব্যবসায়ী জুবায়ের হুসেইনকে বিয়ে করেন। তার তিন সন্তান আরিয়ান, আফসিন ও এইডেন। নিজের ব্যবসা প্রতিষ্ঠান প্রসঙ্গে জনা বলেন, ‘এটা মূলত আমাদের পারিবারিক ব্যবসা। আমাদের পরিবারের পরিচালনায় দীর্ঘদিন ধরেই এই ব্যবসা পরিচালিত হয়ে আসছে। মূলত আমার স্বামী এবং আমার দেবর অন্যান্য ব্যবসা নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন। আমিই মূলত সেলুন দুটি নিয়ে ব্যস্ত থাকি। বিশেষত মেয়েদের বিউটি অ্যান্ড স্পা’টা আমিই তদারকি করি। একটা কথা বলতেই হয় যে, আমাদের সেলুনে আমেরকিা, দুবাইসহ বিশে^র অন্যান্য দেশ থেকে মানসম্পন্ন প্রোডাক্ট এনে ব্যবহার করা হয়। সৌন্দর্যবিষয়ক সব ধরনের সার্ভিস দেওয়া হয় আমাদের প্রতিষ্ঠানটিতে। বিগত ৯ বছরে আমাদের প্রতিষ্ঠান বেশ সুনাম অর্জন করেছে। আমরা এই সুনাম ধরে রাখতে বদ্ধপরিকর।’

২০০২ সালে চিত্রনায়িক শাকিল খানের বিপরীতে ‘হৃদয়ের বাঁশি’ সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিষেক হয়। এরপরেও জনাকে ‘ডাক্তার বাড়ি’,‘ বিয়ের লগন’, ‘বাজাও বিয়ের বাজনা’, ‘জন্ম’, ‘ঠা-া মাথার খুনি’,‘আসলাম ভাই’, ‘মন ছুঁয়েছে মন’সহ আরও বেশকিছু সিনেমাতে অভিনয় করেন।