আমেরিকা সফরে নতুন রেকর্ড গড়ল বিটিএস

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ এএম

কে-পপের জনপ্রিয় ব্যান্ড বিটিএস উত্তর আমেরিকা সফরের পর্ব শেষ করেছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পা থেকে শুরু হয়েছিল বিটিএসের উত্তর আমেরিকা সফর। এরপর বিভিন্ন শহর ঘুরে সফরের শেষ পর্ব অনুষ্ঠিত হয় লস অ্যাঞ্জেলেসে।

‘আরিরাং’ নামে বিটিএসের চলমান ষষ্ঠ কনসার্ট ট্যুর এই অংশে ১২টি শহরে মোট ৩১টি কনসার্ট করেছে দলটি। সব কটি কনসার্টের টিকিট আগেই বিক্রি হয়ে যায়। পুরো সফরজুড়ে বিটিএসের কনসার্টগুলোতে দর্শক উপস্থিতি ছিল প্রায় ১৯ লাখ ২০ হাজার। ১, ২, ৫ ও ৬ সেপ্টেম্বর সোফাই স্টেডিয়ামে চারটি কনসার্ট করে কে-পপের জনপ্রিয় দলটি। চারদিনের এই আয়োজন মিলিয়ে সেখানে উপস্থিত ছিলেন প্রায় ২ লাখ ৮২ হাজার দর্শক।

যা সোফাই স্টেডিয়ামেও নতুন রেকর্ড গড়েছে বিটিএস।

২০২১ সালে ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ সফরের চারটি কনসার্ট করেছিল দলটি। নতুন চারটি কনসার্টসহ এই স্টেডিয়ামে বিটিএসের মোট কনসার্টের সংখ্যা ছিল আটটিতে। কোনো সংগীত দলের জন্য স্টেডিয়ামটিতে এটিই সর্বোচ্চসংখ্যক কনসার্ট। খবর কোরিয়া হেরাল্ড 

শুধু কনসার্টের সংখ্যায় নয়, দর্শক উপস্থিতির দিক থেকেও রেকর্ড করেছে বিটিএস। আটটি আয়োজন মিলিয়ে দলটির কনসার্টে সোফাই স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রায় ৪ লাখ ৯৬ হাজার দর্শক, যা স্টেডিয়ামটির ইতিহাসে কোনো দলের সর্বোচ্চ দর্শকসংখ্যা।

উত্তর আমেরিকা সফরের সময় স্থানীয় প্রশাসনের কাছ থেকেও বিশেষ স্বীকৃতি পেয়েছে বিটিএস। লস অ্যাঞ্জেলেসে ১ থেকে ৮ সেপ্টেম্বর ঘোষণা করা হয় ‘বিটিএস সপ্তাহ’। টরন্টোতে ২২ ও ২৩ আগস্ট পালিত হয় ‘বিটিএস উইকেন্ড’। এ সময় ইয়ং স্ট্রিটের একটি অংশ সাময়িকভাবে ‘বিটিএস বুলেভার্ড’ নামে পরিচিতি পায়।

শিকাগোতে বিটিএসের কনসার্ট উপলক্ষে ইলিনয় অঙ্গরাজ্য ২৭ ও ২৮ আগস্টকে ঘোষণা করে ‘বিটিএস ডে ইন ইলিনয়’। অন্যদিকে টেক্সাসের এল পাসোতে ২ ও ৩ মে পালিত হয় ‘এল পাসো বিটিএস উইকেন্ড’। শহরটির পর্যটন ও আন্তর্জাতিক পরিচিতিতে অবদানের স্বীকৃতি হিসেবে বিটিএসকে দেওয়া হয় ‘এস্তিমাদো আমিগো’ বা ‘প্রিয় বন্ধু’ সম্মাননা।

মেক্সিকো সিটিতে কনসার্টের সময় বিটিএসকে দেশটির জাতীয় প্রাসাদে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম। দলটিকে স্বাগত জানাতে প্রাসাদের বাইরে জড়ো হন প্রায় ৫০ হাজার ভক্ত। এতে আবারও স্পষ্ট হয়ে ওঠে, বিটিএসের জনপ্রিয়তা শুধু সংগীতের মধ্যে সীমাবদ্ধ নেই; তাদের ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের বৈশ্বিক সাংস্কৃতিক প্রভাব।

লস অ্যাঞ্জেলেসের কনসার্টে ভক্তরা জাংকুক ও আরএমের জন্মদিনও উদ্‌যাপন করেন। জাংকুকের জন্মদিন ১ সেপ্টেম্বর এবং আরএমের ১২ সেপ্টেম্বর। হাজারো ভক্ত জন্মদিনের গান গেয়ে তাঁদের শুভেচ্ছা জানান। এ সময় স্টেডিয়ামজুড়ে জ্বলে ওঠে সোনালি ও নীল আলো। জাংকুকের একক অ্যালবাম ‘গোল্ডেন’ এবং আরএমের ‘ইন্ডিগো’র সঙ্গে মিল রেখে এই দুই রং বেছে নেওয়া হয়েছিল।

উত্তর আমেরিকা পর্ব শেষ হলেও থামছে না বিটিএসের ‘আরিরাং’ ট্যুর। এবার দক্ষিণ আমেরিকার পথে যাবে দলটি। আগামী ২ ও ৩ অক্টোবর কলম্বিয়ার বোগোতায় কনসার্টের মধ্য দিয়ে শুরু হবে এই পর্ব। এরপর লিমা, সান্তিয়াগো, বুয়েনস এইরেস ও সাও পাওলোতে পারফর্ম করবে বিটিএস।

কলম্বিয়া, পেরু ও আর্জেন্টিনায় পূর্ণাঙ্গ দল হিসেবে এবারই প্রথম কনসার্ট করবে বিটিএস। ফলে দক্ষিণ আমেরিকা পর্বেও নতুন রেকর্ড ও নতুন অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিটিএস ভক্তরা।

বিটিএস তাদের ‘আরিরাং’ বিশ্ব সফর শুরু করে চলতি বছরের ১২ জুন দক্ষিণ কোরিয়ার বুসান শহরের এশিয়াড প্রধান স্টেডিয়ামে পারফর্মের মাধ্যমে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত