নড়াইলে ৩ খুনের ঘটনায় ৬৯ জনের নামে মামলা

নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে হামলায় বাবা-ছেলেসহ তিনজন নিহতের ঘটনায় ৬৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে। নিহত খলিল শেখের ছেলে রুবেল শেখ গত বুধবার রাতে মামলাটি করেন। এ মামলায় অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি ভোর ৫টার দিকে হামলা চালিয়ে বাবা খলিল শেখ তার ছেলে তাহাজ্জত শেখ ও প্রতিবেশী ফেরদাউস হোসেন এবং অন্যপক্ষের ওসিকুর ফকিরকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। তবে ওসিকুর ফকিরের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে শিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজনের সঙ্গে খলিল শেখের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে ২৩ ফেব্রুয়ারি ভোরে সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজন দেশি অস্ত্র নিয়ে বাড়িতে এসে খলিল শেখ ও তাহাজ্জত শেখ এবং প্রতিবেশী ফেরদাউস হোসেনকে কুপিয়ে হত্যা করে।

তবে খায়রুজ্জামান খায়ের মোল্যার লোকজন অভিযোগ করেন, ২৩ ফেব্রুয়ারি রাতে খলিল শেখের লোকজন আগে ওসিকুর ফকিরকে কুপিয়ে জখম করে। নড়াইল জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।