প্রবাসীকল্যাণ মন্ত্রী বললেন

বাতিল হবে না সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাতিল করা হবে না, হজ যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য সাময়িক স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘আপনারা দোয়া করবেন মানুষের আশা-প্রত্যাশা যেন বাস্তবায়ন করতে পারি। এক বছরের মধ্যে সার্বিক বিষয়ে দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে দেশবাসী।’

সিলেটে বিভাগের উন্নয়নে আমরা নির্বাচিত প্রতিনিধিরা সম্মিলিতভাবে কাজ করতে চাই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সিলেটের মহাসড়ক, রেল, বিমানের সমস্যা সমাধানে আমার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি, লাগেজ নিয়ে টানাটানি প্রতিরোধ করা, প্রবাসীরা যাতে বিমানবন্দরে এসে সব ধরনের সুযোগ-সুবিধা পায় সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।’

বিকেলে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ঋণবিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, প্রমুখ।