প্রস্তুতির ঘাটতি

ভোটার দিবসের কর্মসূচি স্থগিত করেছে ইসি

আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলে প্রস্তুতির ঘাটতি থাকায়  কেন্দ্রীয় ও মাঠপর্যায়ের নির্ধারিত সব কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ২ মার্চ অষ্টম ‘জাতীয় ভোটার দিবস’ উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠপর্যায়ের সব কর্মসূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কমিটি, উপকমিটিসহ সব আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

ভোটার দিবসের সব কর্মসূচি স্থগিতের বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক গণমাধ্যমকে বলেন, রমজান মাস থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। ভোটার দিবসের প্রস্তুতি সেভাবে আমরা নিতে পারিনি। পরবর্তী সময়ে আরও জাঁকজমকভাবে উদযাপন করা হবে।

প্রতি বছর ২ মার্চ দেশে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। এবার ভোটার দিবসের মূল সেøাগান হচ্ছে ভোটারদের শক্তি গণতন্ত্রের মুক্তি। দিবসটি উপলক্ষে ভোটার সচেতনতা বাড়াতে র‌্যালি, আলোচনা সভা ও ভোটার নিবন্ধনের বিশেষ কার্যক্রম হাতে নেয় নির্বাচন কমিশন। এবার অষ্টমবারের মতো এই দিবসটি পালন করার কথা ছিল।