স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন রোনালদো, খেলবেন কি ‎

‎ফুটবল মাঠের রেকর্ড বুক তছনছ করার পর এবার ক্লাব মালিকানায় নাম লেখালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই পর্তুগিজ মহাতারকা স্প্যানিশ ক্লাব ইউডি আলমেরিয়ার সহ-মালিক হয়েছেন। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।

‎নবগঠিত প্রতিষ্ঠান সিআরসেভেন স্পোর্টস ইনভেস্টমেন্টস’-এর মাধ্যমে রোনালদো ক্লাবটির ২৫ শতাংশ শেয়ার কিনেছেন। আলমেরিয়া ক্লাবটি বর্তমানে সৌদি আরবের একটি ইনভেস্টমেন্ট কনসোর্টিয়ামের মালিকানাধীন, যার নেতৃত্বে রয়েছেন মোহাম্মদ আল-খেরেজি। মূলত আল-খেরেজির সঙ্গেই অংশীদারিত্বে ক্লাব পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো।

‎এক বিবৃতিতে রোনালদো বলেন, "মাঠের বাইরেও ফুটবলে অবদান রাখা আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল। আলমেরিয়া একটি শক্তিশালী ভিত্তি সম্পন্ন ক্লাব এবং এর উন্নতির প্রচুর সম্ভাবনা রয়েছে। আমি এর নতুন লক্ষ্যপূরণে কাজ করতে মুখিয়ে আছি।"

‎রোনালদো স্পেনকে খুব ভালো করেই চেনেন। রিয়াল মাদ্রিদের হয়ে ৯ বছরে ৪৩৮ ম্যাচে রেকর্ড ৪৫০ গোল করা এই তারকা স্প্যানিশ ফুটবলের নাড়ি নক্ষত্র জানেন। আলমেরিয়ার বর্তমান মালিক আল-খেরেজি মনে করেন, রোনালদোর অভিজ্ঞতা ক্লাবটির একাডেমি এবং মূল দলকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।


‎রোনালদো শুধু ফুটবলার হিসেবেই নয়, একজন সফল উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৫ সালের ফোর্বস র‍্যাঙ্কিং অনুযায়ী, মাঠের বাইরের ব্যবসা থেকেই তার আয় বছরে ৫০ মিলিয়ন পাউন্ডের বেশি। তার ব্যবসায়িক তালিকায় রয়েছে: পেস্তানা সিআরসেভেন নামের হোটেল চেইন (লিসবন, মাদ্রিদ, নিউ ইয়র্ক ও মারাকাস)। এছাড়াও রয়েছে হেয়ার ট্রান্সপ্লান্ট ক্লিনিক, সুগন্ধি, ঘড়ি এবং নিজস্ব ফিটনেস অ্যাপ।

‎বর্তমানে আলমেরিয়া স্পেনের দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে খেলছে। পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থাকা ক্লাবটি আগামী মৌসুমে লা লিগায় ওঠার জোরালো দাবিদার। রোনালদোর মালিকানায় আসার খবরটি নিয়ে আলমেরিয়া ম্যানেজার রুবি সাংবাদিকদের বলেন, "আমরা অত্যন্ত আনন্দিত। আমরা তাকে স্বাগত জানাই। এটি আমাদের জন্য দুর্দান্ত খবর কারণ তার মতো একজন মানুষ, যার ফুটবল নিয়ে শতভাগ জ্ঞান রয়েছে, তিনি আমাদের ক্লাবের জন্য বড় শক্তি হতে পারেন। এটি পুরো শহর এবং ক্লাবের জন্য রোমাঞ্চকর।"
‎​রোনালদো কি খেলোয়াড় হিসেবে এই ক্লাবে ফিরবেন? এমন প্রশ্নে রুবি বলেন, "তিনি যদি এখানে খেলতেন তবে তা হতো অসাধারণ এবং বিস্ময়কর। তবে এটি সম্পূর্ণ তার সিদ্ধান্তের বিষয়। এটি এখন তার নিজের ক্লাব; যদি তিনি খেলা চালিয়ে যেতে চান, তবে যে কোচই দায়িত্বে থাকুক না কেন, তাকে দুই হাত বাড়িয়ে স্বাগত জানানো হবে। এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই।"