জোড়া গোল করে ভিনিসিয়ুসের মতো উদযাপন করলেন নেইমার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের (সিরি-এ) চতুর্থ রাউন্ডে অবশেষে জয়ের মুখ দেখল সান্তোস। বৃহস্পতিবার রাতে ভিলা বেলমিরো স্টেডিয়ামে নেইমারের জাদুকরী জোড়া গোলে ভাস্কো দা গামাকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ে সান্তোসের কোচ হুয়ান পাবলো ভোজভোদা আপাতত বরখাস্ত হওয়ার হাত থেকে রক্ষা পেলেন

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা নেইমার ২৪ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে চমৎকার এক গোল করে সান্তোসকে এগিয়ে দেন। গোল করার পর তিনি প্রতিপক্ষ ভাস্কো সমর্থকদের দিকে আঙুল উঁচিয়ে 'চুপ' থাকার ইশারা করেন। এরপর কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের স্টাইলে নেচে গোলটি উদযাপন করেন।

ম্যাচ শেষে তিনি জানান, এই নাচটি তিনি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়রের জন্য উৎসর্গ করেছেন। সম্প্রতি চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভিনিসিয়ুস বর্ণবাদের শিকার হয়েছিলেন। নেইমার বলেন, "ভিনি, এটা তোমার জন্য। যখন সে পর্তুগালে গোল করেছিল, তখন তাকে বর্ণবাদী আক্রমণ করা হয়েছিল। আমি তাকে কথা দিয়েছিলাম, আমি গোল করলে তার মতো করেই উদযাপন করব।"

ম্যাচটি নেইমার এবং থিয়াগো মেন্দেসের মধ্যকার পুরনো দ্বৈরথের কারণেও ছিল উত্তপ্ত। ফ্রান্সে খেলার সময় (পিএসজি বনাম লিঁও) ২০২০ সালে মেন্দেসের এক ট্যাকলে নেইমার মারাত্মক চোট পেয়েছিলেন। আজ প্রথমার্ধে মাঠেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং নেইমার তার এই প্রতিদ্বন্দ্বীকে 'টাফ গাই' বলে কটাক্ষ করেন।

প্রথমার্ধে সান্তোস লিড নিলেও ভাস্কোর বারোস গোল করে সমতা ফিরিয়ে আনেন। তবে দ্বিতীয়ার্ধে সান্তোস মাঝমাঠ নিয়ন্ত্রণে নিয়ে আক্রমণের ধার বাড়ায়। ম্যাচের ভাগ্য নির্ধারণী মুহূর্তটি আসে যখন উইলিয়ান আরঁ-র একটি অসাধারণ লং পাস নিয়ন্ত্রণে নিয়ে নেইমার ভাস্কোর গোলরক্ষক লিও জারডিমের মাথার ওপর দিয়ে আলতো চিপ করে বল জালে পাঠান।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত