রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে মাইন উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় অর্ধচন্দ্রাকৃতির কালো দাগ রয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আলিম জানান, মৃত মাইন উদ্দিনের বাড়ি চট্টগ্রামের সন্দীপ উপজেলার গাছুয়া গ্রামে। বাবার নাম আব্দুল মোনাফ। তিনি ট্যুরিজমের ব্যবসা করতেন। ব্যবসায়িক কাজে চলতি মাসের ২৫ তারিখে শান্তিনগর স্কোয়ার পার্কে বন্ধু তোফায়েল আহমেদের বাসায় আসে। তবে তার বন্ধু তোফায়েল বাসায় ছিলেন না। তিনি কক্সবাজার এলাকায় আছেন।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে সংবাদ পেয়ে ওই বাসায় গিয়ে বাথরুমের দরজা ভেঙ্গে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বাথরুমে কাপড় রাখার হ্যাঙ্গারের কাপড়রের বেল্ট পেচিয়ে গলায় ফাঁস লাগান ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।