চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল-সিটি মহারণ

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র ইউরোপীয় ফুটবলের হেভিওয়েট লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। এই পর্বে শীর্ষ স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটির। এছাড়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি খেলবে চেলসির বিপক্ষে। এর মাধ্যমে যেন গত বছরের ক্লাব বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। সেই ম্যাচে পিএসজিকে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি।

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির দ্বৈরথ সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় ফুটবলের অন্যতম বড় আকর্ষণে পরিণত হয়েছে। প্রায় প্রতি মৌসুমেই নকআউট পর্বে তাদের দেখা হচ্ছে। দল। চলতি মৌসুমেও গ্রুপ পর্বে দুই দলের দেখা হয়েছে। মনস্তাত্ত্বিক দিক থেকে কিছুটা এগিয়ে রিয়াল। শেষ দুই নকআউট লড়াইয়ে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাবটি। তবে চলতি মৌসুমের লিগ পর্বে সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-১ গোলে জিতেছিল সিটি, যা প্রমাণ করে এই দুই দলের ব্যবধান খুবই সামান্য।

চ্যাম্পিয়নস লিগ ড্র

১০-১১ মার্চ বের্নাবেউয়ে শুরু হবে শেষ ষোলোর প্রথম লেগ। ফিরতি লেগ ১৭-১৮ মার্চ ম্যানচেস্টারে। পরিসংখ্যানও বলছে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এ পর্যন্ত ১৬ দেখায় সিটি জিতেছে ৬ বার, রিয়াল ৫ বার, ড্র ৫টি। গোল ব্যবধানও কাছাকাছি, সিটির ২৮, রিয়ালের ২৬। ফলে শেষ ষোলোর এই ম্যাচ ঘিরে সমর্থকদের উত্তেজনা তুঙ্গে।

অন্য দলগুলোর মাঝে ইংলিশ জায়ান্ট লিভারপুল খেলবে গালাতাসারাইয়ের বিপক্ষে। নিউক্যাসল ইউনাইটেডের সামনে কঠিন চ্যালেঞ্জ, কারণ তাদের প্রতিপক্ষ বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদ মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পারের। বায়ার লেভারকুসেনের প্রতিপক্ষ আর্সেনাল। আটালান্তা খেলবে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। নরওয়ের চমক দল বোদো গ্লিম্টের সামনে রয়েছে স্পোর্টিং লিসবন। আগামী মাসে শুরু হবে নকআউট পর্ব। মে মাসের শেষে বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ফাইনাল। ইউরোপ সেরা হওয়ার লড়াইয়ে অপেক্ষা করছে উত্তেজনাপূর্ণ সব দ্বৈরথ।