ধানমন্ডিতে মিছিলকালে মহিলা আওয়ামী লীগের ৭ নেত্রী গ্রেপ্তার

রাজধানীর ধানমন্ডি এলাকায় ঝটিকা মিছিলের সময় নিষিদ্ধ সংগঠন মহিলা আওয়ামী লীগের সাত নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ ও এর চালককে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি-২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, ভোরের দিকে মহিলা আওয়ামী লীগের কয়েকজন নেত্রী ওই রেস্তোরাঁয় সেহরি খান। সেহরি শেষে রেস্তোরাঁর সামনে থেকে ২০-২৫ জন নারী হঠাৎ একটি মিছিল বের করে। মিছিলে অংশ নেওয়া নারীরা ব্যানার ও বিভিন্ন প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে যেতে থাকেন।

খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে গেলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ সাত নারীকে গ্রেপ্তার করে। তাদের বহনকারী মাইক্রোবাস জব্দ এবং চালককেও আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ওসি জানান, শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।