জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। এ সময় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিস্থিতি, সংসদীয় কার্যক্রম ও সুশাসনসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বারিধারায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সুইজারল্যান্ডের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রাষ্ট্রদূত রেটো রেংগলি। তাঁর সঙ্গে ছিলেন কাউন্সেলর ও রাজনৈতিক, অর্থনৈতিক এবং যোগাযোগবিষয়ক প্রধান আলবার্তো জিওভানেত্তি এবং সিনিয়র রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রেস কর্মকর্তা খালেদ ইকবাল চৌধুরী।

জামায়াতে ইসলামীর পক্ষে সাক্ষাতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমদ মাবরুর।

সাক্ষাৎকালে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন ও দেশের গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। জামায়াত নেতারা সংসদীয় কার্যক্রম নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি ও অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি প্রধান বিরোধী দল হিসেবে সংসদে তাদের ভূমিকা ও বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন।

এ ছাড়া বাংলাদেশের রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। বৈঠকে গণতান্ত্রিক চর্চা, সংলাপ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে ধারাবাহিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত