প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড় প্রসঙ্গে যা বললেন ছাত্রদল সভাপতি

অমর একুশে বইমেলা উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌড়ে সালাম দেওয়ার ঘটনায় তৈরি হওয়া বিতর্কের জবাব দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ভাইরাল হওয়া ওই ভিডিও প্রসঙ্গে গণমাধ্যমের সমালোচনা করে ফেসবুকে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দেওয়া এক স্ট্যাটাসে রাকিবুল ইসলাম রাকিব জানান, বইমেলা উপলক্ষে গতকাল তিনি পুরো তিন ঘণ্টা বাংলা একাডেমি চত্বরে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা একাডেমিতে প্রবেশের আগেই তার সঙ্গে সালাম বিনিময় করেছেন বলে উল্লেখ করেন তিনি।

ছাত্রদল সভাপতি লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলা একাডেমিতে প্রবেশের পূর্বেই সালাম বিনিময় করেছি, হাজার হাজার ছাত্রদলের নেতা-কর্মীদের ভিড় ঠেলে তার গাড়িকে বাংলা একাডেমিতে প্রবেশের পুরো মুহূর্তটুকু তার গাড়ির সামনে ছিলাম, গাড়ি থেকে সভাপতি হিসেবে আমি নামিয়েছি এবং আমিই প্রথম করমর্দন করে সার্বিক পরিস্থিতিও স্বল্পবাক্যে বর্ণনা করেছি, তাকে স্টেজ পর্যন্ত পৌঁছে দিয়েছি।

তিনি আরও জানান, ফিতা কাটার সময়, স্টল পরিদর্শনের সময় এবং ছাত্রদলের স্টলে ম্যাগাজিন হস্তান্তরের সময়ও তিনি প্রধানমন্ত্রীর পাশে ছিলেন। সর্বশেষ তাকে সালাম ও করমর্দনের মাধ্যমে বিদায় জানানো হয়।

এরপর বাংলা একাডেমি থেকে বেরিয়ে দোয়েল চত্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর গাড়ি যাওয়ার সময় সিএসএফের অনুরোধে তিনি গাড়ির সামনে গিয়ে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন এবং গাড়ি আটকিয়ে শুভেচ্ছা বিনিময় না করতে তাদের অনুরোধ জানান।

ভাইরাল হওয়া দৌঁড়ানোর ঘটনা প্রসঙ্গে রাকিবুল ইসলাম রাকিব লেখেন, দোয়েল চত্বরে গাড়ির গতি অতিদ্রুত হওয়ায় ছাত্রদলের অপরাপর নেতা-কর্মীদের সাথে জাস্ট ৫/৭ সেকেন্ড দৌড়ে সর্বশেষ সৌজন্যমূলক সালাম বিনিময় করেছি। আমি অবশ্য এটা না করলেও পারতাম, কিন্তু কোনো কিছু না ভেবেই সারাক্ষণ তার পাশে থাকার পরও সর্বশেষ সালাম বিনিময় করেছি।

ঘটনার পূর্ণাঙ্গ চিত্র না তুলে ধরে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের সমালোচনা করেন ছাত্রদল সভাপতি। তিনি লেখেন, পুরো ২ ঘণ্টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ড এর পরিবর্তে জাস্ট ১০ সেকেন্ডকে নেগেটিভলি শিরোনাম করে নিউজ করে দেওয়া হলো। দীর্ঘদিন পর এ ধরনের কাজে লিপ্ত অপসাংবাদিকতা সফল।

উল্লেখ্য, সম্প্রতি বইমেলা উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে দৌঁড়ে সালাম দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এবার সেই প্রেক্ষাপট তুলে ধরে নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ছাত্রদল সভাপতি।