সরকারি গাড়ি ফেরালেন জামায়াত আমির, চড়বেন ১২ তারিখের পর

সিলেট সফরে এসে সরকারি গাড়ি ব্যবহার করেননি সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে তাকে আনতে যাওয়া সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে তিনি বলেন, আগামী ১২ তারিখের পর তিনি ওই গাড়িতে চড়বেন।

বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ার পর শুক্রবার প্রথমবার সিলেটে আসেন ডা. শফিকুর রহমান। সকালে বিমানযোগে সিলেট পৌঁছালে বিমানবন্দরে তার জন্য অপেক্ষায় ছিল সিলেট জেলা প্রশাসনের একটি গাড়ি।

বিমানবন্দর থেকে বেরিয়ে অপেক্ষমাণ সরকারি গাড়ি দেখে ডা. শফিকুর রহমান সেটি ব্যবহার করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘এটা কি সরকারি গাড়ি? আমি ১২ তারিখের পরে চড়ব। আপনারা এসেছেন, আমি কৃতজ্ঞ। আমি পাওয়ার এক্সারসাইজ করতে চাই না। ইনশাআল্লাহ ১২ তারিখের পর চড়ব।’

এদিন সকালে সিলেটের জেলা জামায়াত আয়োজিত ‘শূরা ও কর্মপরিষদ সদস্য শিক্ষাশিবির’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। পরে নগরের কুদরতউল্লাহ মসজিদে জুমার নামাজ আদায় করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। বিকেলে তিনি সিলেট প্রেস ক্লাব এবং জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য আবুল হাসান, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা, কমনওয়েলথ জার্নালিস্ট ফোরামের সভাপতি, এনবিআর সদস্যসহ সিলেট প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।