আফগান সামরিক স্থাপনা ‘সম্পূর্ণ ধ্বংস’ করার দাবি পাকিস্তানের

আফগানিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে দেশটির সামরিক স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আতাউল্লাহ তারার জানান, এই অভিযানে কেবল সামরিক স্থাপনাগুলোকেই লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন যে, কাবুলের গুরুত্বপূর্ণ এলাকা ‘গ্রিন জোন’-এ কোনো ধরনের হামলা চালানো হয়নি।

আফগান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে পাক তথ্যমন্ত্রী বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। বর্তমান পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তা আমরা পর্যবেক্ষণ করছি।

তালেবান বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, আফগান তালেবানরা খাইবার ও চিত্রাল সীমান্তে সংঘর্ষ এবং গুলিবর্ষণের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করেছিল। কিন্তু তাদের সেই সক্ষমতা নেই। প্রথাগত যুদ্ধে তাদের কোনো ধরনের পারদর্শিতা বা সামর্থ্য নেই।

সাম্প্রতিক সময়ে সীমান্তে উত্তেজনা ও তালেবান বাহিনীর তৎপরতার জবাবে পাকিস্তান এই কঠোর পদক্ষেপ নিয়েছে বলে দেশটির পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা