অর্থমন্ত্রী বললেন

অর্থনৈতিক সংকট মোকাবিলায় ট্যাক্স বাড়াতে হবে

বর্তমান দেশের অর্থনীতিতে সংকটময় পরিস্থিতি রয়েছে জানিয়ে এ পরিস্থিতি মোকাবিলায় ট্যাক্স বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিএনপি সরকারের বড় একটি কর্মসূচি হলো কর্মসংস্থান গড়ে তোলা। আগামী অর্থবছরে বাজেটে কর্মসংস্থান অন্যতম প্রাধান্য পাবে। কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য যা যা দরকার, সরকার তা তা করবে।

তিনি বলেন, আমাদের ট্যাক্স বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে। বিনিয়োগ না হলে দেশে কর্মসংস্থান গড়ে উঠবে না। এজন্য আমরা দেশি-বিদেশি বিনিয়োগের ওপর জোর দিচ্ছি।

গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন জেলেপাড়া এলাকায় প্রস্তাবিত সরকারি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

বন্দর নগরীর মেরিন ড্রাইভ এলাকায় একটি জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে জানিয়ে আমীর খসরু মাহমুদ বলেন, সেখানে বিশেষায়িত কয়েকটি ইউনিটের পাশাপাশি একটি নার্সিং ইনস্টিটিউট এবং টেকনোলজিস্টদের জন্য আরেকটি ইনস্টিটিউট গড়ে তোলা হবে। এই খাতে দেশে এখনো যথেষ্ট ঘাটতি রয়েছে। নির্বাচনের আগে দল জাতির কাছে যে পরিবর্তনের ওয়াদা করেছিল তা বাস্তবায়ন করা হবে। মন্ত্রী আরও বলেন, প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা ও তার সংলগ্ন আশপাশের এলাকার জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং চট্টগ্রাম মহানগরীর চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে।

পরিদর্শনকালে চট্টগ্রাম নৌ-অঞ্চল কমান্ডার রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির অবস্থান, ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামোগত সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করেন। এ সময় অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্র্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসক কার্যালয় এবং সংশ্লিষ্ট ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।